নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে প্রকাশ চন্দ্র রায় নামে এক সহকারী তথ্য অফিসারের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৮টায় নীলফামারী-সৈয়দপুর রেললাইনের হাড়োয়া নামক স্থানে এই ঘটনা ঘটে।
প্রকাশ চন্দ্র শহরের দেবিরডাঙ্গা গ্রামের পরোলকগত লাল মোহন বর্মনের ছেলে।
জানা গেছে, জেলা তথ্য কার্যালয়ের উচ্চমান সহকারী হিসেবে দায়িত্ব পালনের পর সহকারী জেলা তথ্য কর্মকর্তা হিসেবে পদোন্নতি পান। নীলফামারী জেলা তথ্য কার্যালয়ে সহকারী জেলা তথ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রকাশের পরিবারিক সূত্র জানায়, প্রতিদিন সকালে তিনি হাঁটাহাঁটি করতেন। অন্যান্য দিনের মতো আজ সকালে বাড়ি থেকে বের হয়ে যান। পরে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার খবর পান।
নীলফামারী পৌরসভার তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল ইসলাম বলেন, সকালে রেললাইন ধরে হাঁটার সময় এ দুর্ঘটনা ঘটে।
সৈয়দপুর জিআরপি থানার উপ-পরিদর্শক মো: মনিরুজ্জামান বলেন, শনিবার সকাল ৬টার দিকে চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি। তার লাশ উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।





