হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার দক্ষিণ লেঞ্জাপাড়া (মহলুল সুনাম) গ্রামে কামরুল হক চৌধুরী নামে এক ব্যবসায়ীর পরিবারের সদস্যদের অচেতন করে টাকা ও স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট করে নিয়ে গেছে স্প্রে পার্টি নামে একটি দুষ্টচক্র। চক্রটি বেশ কিছুদিন ধরে শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট উপজেলায় লাগাতার এমন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এ কারণে আতঙ্কে রয়েছে এলাকার জনসাধারণ। গত শুক্রবার রাতে কামরুল হক চৌধুরীর পরিবারের সদস্যদের চেতনানাশক স্প্রে করে অচেতন করে মালামাল লুটের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, শুক্রবার রাতে কামরুল হক চৌধুরীরর পরিবারের সদস্যরা রাতের খাওয়া-দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন। পরে ঘুমের মধ্যে তারা অচেতন হয়ে পড়লে বাসার রান্নার ঘরের পেছন দিয়ে স্প্রে পার্টি চক্রের সদস্যরা ঘরে শ্রবেশ করে। পরে তারা বাসায় থাকা পাঁচ লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ যাবতীয় মালামাল লুট করে নিয়ে যায়। ভুক্তভোগীরা জানান, ধারণা করা হচ্ছে জানালা দিয়ে রান্না ঘরের খাবারের মধ্যে আগেই স্প্রের মাধ্যমে কোনো কিছু ছিটিয়ে দিয়েছিলো চক্রটি। পরে পরিবারের সকলে গভীর ঘুমে অচেতন হয়ে পড়লে তারা বাসায় প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে যায়। কামরুল হক চৌধুরী শায়েস্তাগঞ্জ পুরান বাজারের একজন কসমেটিক ব্যবসায়ী।
গত ১২ আগস্ট দিবাগত রাতে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্মকর্তার বাসায় চেতনানাশক স্প্রে করে মালামাল লুট করে নিয়ে যায় চক্রটি।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি শেখ নাজমুল হক কামাল জানান, খবর পেয়ে আমরা সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্প্রে পার্টির সদস্যদের ধরতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাচ্ছে। দ্রুত তাদের আটক করে আইনের আওতায় আনা হবে।