বরিশালের বানারীপাড়ায় পরকীয়ায় জড়িত থাকার সন্দেহে পারিবারিক কলহের জেরে পরিকল্পিতভাবে স্ত্রীকে পিটিয়ে ও পানিতে চুবিয়ে নৃসংশভাবে হত্যা করেছে পাষণ্ড স্বামী।

মঙ্গলবার (২২ আগস্ট) সকালে নিহতের মামা হেমায়েত উদ্দিন ঘাতক সালাম হাওলাদারকে আসামি করে বানারীপাড়া থানায় হত্যা মামলা করেন। এর আগে সোমবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার বানারীপাড়া সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গাভা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারী কারিমা বেগমের (২৬) বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ছোনবুনিয়া গ্রামে। তিনি ওই গ্রামের কালাম হাওলাদারের মেয়ে। হত্যায় জড়িত ঘাতক সালাম হাওলাদার (৪২) বানারীপাড়া উপজেলার গাভা গ্রামের আজিজ হাওলাদারের ছেলা। তাদের দুই সন্তান রয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক স্বামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

এদিকে খালের পানিতে চুবিয়ে স্বামীর স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করার দৃশ্য ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় নিহত কারিমার স্বজন ও স্থানীয় এলাকাবাসীও ঘাতক ছালামের ফাঁসির দাবি জানিয়েছেন।

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, সোমবার (২১) আগস্ট দুপুরে সালাম হাওলাদার তার স্ত্রী কারিমা বেগমকে প্রথমে দরজার লাট দিয়ে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম কর ও পরে পাশে খালে চুবিয়ে নৃসংশভাবে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার ও হত্যর দায়ে অভিযুক্ত ঘাতক স্বামি সালাম হাওলাদারকে গ্রেফতার করে। পরে নিহতের লাশ বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

এ ব্যাপারে বানারীপাড়া থানার ইনস্পেক্টর (তদন্ত) মমিন উদ্দিন জানান, তাদের কাছে সালাম তার স্ত্রীকে পরকীয়া প্রেমে জড়িত থাকার সন্দেহে হত্যা করার কথা অকপটে স্বীকার করেছে।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ আলম চৌধুরী জানান, মঙ্গলবার সকালে হত্যা মামলা রুজু করা হয়েছে। ঘাতক সালামকে বরিশাল জেল হাজতে প্রেরণ ও ময়নাতদন্ত শেষে কারিমার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।