জামালপুরের দেওয়ানগঞ্জে নিখোঁজ হবার সাড়ে ৩ ঘণ্টা পর তাইম (৯) নামে একজন প্রতিবন্ধী শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

তাইম দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের উত্তর সাপমারী গ্রামের রাজমিস্ত্রি শহিদুল ইসলামের ছেলে। সে দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের (প্রতিবন্ধী) একজন বহুমাত্রিক প্রতিবন্ধী।

এই স্কুলের প্রধান শিক্ষক মো: সাইফুল ইসলাম ও শিক্ষক সুজন মিয়া নয়া দিগন্তকে জানান, মঙ্গলবার দুপুর ১টায় তাইম নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। মা-বাবা আত্মীয়-স্বজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পায়নি। অবশেষে স্বজন ও গ্রামবাসীরা বাড়ির পাশে বিলের পানিতে জাল ফেলে খোঁজাখুঁজি শুরু করে। পরে দুপুর সাড়ে ৩টায় নিখোঁজ প্রতিবন্ধী শিক্ষার্থী তাইমের লাশ জালে ওঠে।

এ ব্যাপারে দেওয়ানগঞ্জ সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস টিম লিডার কামরুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, খবর পেয়ে আমরা লাশ উদ্ধারের জন্য রওনা দেই। পথিমধ্যে জানতে পারি এলাকাবাসী খালে জাল ফেলে লাশ উদ্ধার করেছে।