বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ করিমুল হক শারীরিক অসুস্থতার কারণে দলের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন।

গত সোমবার (২২ আগস্ট) লিখিতভাবে সভাপতি পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়ে জেলা বিএনপির সভাপতি ও সম্পাদক বরাবরে পদত্যাগ জমা করেছেন। এর আগে গত ৪ জুন অনুষ্ঠিত হরিপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি হরিপুর উপজেলা বিএনপির সভাপতি পদে নির্বাচিত হন।

শারীরিক অসুস্থতার কারণ বিবেচনা করে তিনি দলের সকল নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনকে বিষয়টিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছেন।

পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হরিপুর উপজেলা শাখার সভাপতি কে হবে তা এখন পর্যন্ত জানা যায়নি।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তৈয়মুর রহমান বলেন, শারীরিক অসুস্থতার কারণ বিবেচনা করে তিনি হরিপুর উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে পদত্যাগ পত্র জেলার নেতার নিকট জমা করেন। আমি তার শারীরিক অবস্থা দ্রুত সুস্থতা ও মঙ্গল কামনা করি।