রাজশাহীর পুঠিয়া পৌরসভায় নাগরিক পরিচয়পত্র আনতে গিয়ে শ্লীলতাহানির শিকার হয়েছে সাহানা খাতুন (২২) নামের এক নারী।
শুক্রবার এ ঘটনায় পৌরসভার মেয়রসহ তিনজনের নামে থানায় লিখতে অভিযোগ করেন তিনি। এর আগে বৃহস্পতিবার পুঠিয়া পৌরসভা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
সাহানা পুঠিয়া সদর এলাকার কাঁঠালবাড়িয়ার আব্দুস সাত্তারের মেয়ে।
থানার অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নাগরিক পরিচয়পত্র আনতে পৌর সচিব শহিদুল আলমের কাছে যান সাহানা খাতুন। এ সময় পৌর সচিব নাগরিক পরিচয়পত্র তৃতীয় তলায় দেয়া হচ্ছে বলে তাকে একটি কক্ষে আটকে রাখে। পরে মেয়রের কাছে আপনার ধর্ষণ মামলার বাদী এসেছে বলে ফোন দেয়। কিছুক্ষণ পর ওই কক্ষে রিপন নামের এক পৌর কর্মচারী উপস্থিত হয় এবং তারা তাকে (সাহানা) চড় থাপ্পড় মারে এবং তার স্পর্শকাতর স্থানগুলোতে হাত দেয়।
পৌর মেয়র আল মামুন খান বলেন, আমি তৃতীয় তলায় যাইনি। ওইখানে কি ঘটেছে তা আমি বলতে পারবো না।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তের পর প্রমাণ সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।





