টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনার ভাঙনে দিশেহারা নদীপাড়ের মানুষ। ফলে বসতভিটা-ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব শত শত পরিবার। নদীতে বিলীন হয়ে যাচ্ছে নানা স্থাপনা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। এমন অবস্থায় ভাঙনরোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে নদীপাড়ের মানুষ।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে মাটিকাটা মোড়ে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন করে উত্তর পাটিতাপাড়ার ভাঙনের শিকার লোকজন।

এদিকে মানববন্ধনের কারণে আঞ্চলিক মহাড়কের দেড় থেকে দুই কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলাল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। তার আশ^াসে বিক্ষুব্ধ নদীপাড়ের মানুষ অবরোধ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ভাঙনের শিকার হাসেম মুন্সী ও রাজীব মিয়াসহ অনেকেই বলেন, বর্তমানে নিকরাইল ইউনিয়নের উত্তর পাটিতাপাড়ার আশপাশ এলাকায় ভাঙনরোধে জিওব্যাগ ফেলা হলেও আমাদের অংশে না ফেলায় ভাঙন অব্যাহত রয়েছে। এখন আমরা ত্রাণসহায়তা বা কোনো আশ^াস চাই না, আমরা চাই স্থায়ী বাঁধ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলাল হোসেন বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে মাটিকাটা মোড়ে অবরোধস্থলে যাই এবং ভাঙন এলাকা সরেজমিনে পরিদর্শন করি। দ্রুত জিওব্যাগ ডাম্পিংয়ের আশ^াস দিলে ভাঙন কবলিতরা অবরোধ তুলে নেয়। দু-একদিনের মধ্যে জিওব্যাগ ডাম্পিং শুরু হবে বলে তিনি জানান।