হবিগঞ্জের চুনারুঘাটে স্বামীকে ছেড়ে অন্যত্র বিয়ের করার অভিযোগে আকলিমা খাতুন (৩৫) নামে এক গৃহবধূকে হাত-পা কেটে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার গাজীপুর ইউনিয়নের সোনাচং গ্রামের খেলার মাঠ সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে মুমূর্ষু অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত সাড়ে ৯টায় আউশকান্দি নামক স্থানে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ওই নারীর স্বামী সুজন মিয়াকে (৩৮) আটক করেছে পুলিশ। সুজন ওই উপজেলার গাজীপুর ইউনিয়নের সোনাচং এলাকার আহম্মদ আলীর ছেলে।
খবর পেয়ে চুনারুঘাট থানার ওসি রাশেদুল হকের নেতৃত্বে একদল পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য ছালেক মিয়াসহ এলাকাবাসীর সহযোগিতায় সুজন মিয়াকে আটক করা হয়। তবে স্বামী সুজনের দাবি- আকলিমা সাত ছেলেমেয়ে ও তাকে রেখে আরো দু’টি বিয়ে করেছে। সেই ক্ষোভে আকলিমার হাত-পা কেটে দিয়েছেন বলে দাবি করেন তিনি।
এ দিকে আকলিমার মেজো মেয়ে তানজিনা আক্তার বলেন, আমার বাবা মাদকাসক্ত। প্রায়ই নেশা করে বাড়ি ফিরে তাদের মাকে নির্যাতন করত। বাবা আমাদের ভরণপোষণ করে না। মা-ই আমাদের একমাত্র ভরসা। আমার বাবা সেই মায়ের হাত-পা কেটে দিয়েছে। এ সময় তার পাশে আকলিমার আরো চার সন্তান বিলাপ করছিল।
চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক বলেন, ওসমানীতে নিয়ে যাওয়া সময় রাস্তায় আউশকান্দি নামক স্থানে পৌঁছলে আকলিমা মারা যান। এ ঘটনায় তার স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।