বরিশালের বানারীপাড়ায় থানা পুলিশের ডিউটি শেষে বাড়ি ফেরার পথে চোর সন্দেহে আব্দুস সালাম বেপারী (৬০) নামের এক ইজিবাইক চালককে নির্দয়ভাবে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বানারীপাড়া-বরিশাল সড়কের চৌয়ারীপাড়া নামক স্থানে। নিহত আব্দুস সালাম বেপারী উপজেলার চাখার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বলহার গ্রামের মৃত আব্দুল কাদের বেপারির ছেলে।
স্বজন ও পুলিশ সূত্র জানায়, সালাম রোববার দিবাগত রাত ৩ টার দিকে থানা পুলিশের ডিউটি শেষ করে বাড়ি ফেরার পথে বানারীপাড়া-বরিশাল সড়কের চৌয়ারীপাড়া নামক স্থান অতিক্রম করার সময় এলাকার আলমগীর, আল আমীন ও আব্দুর রবসহ ১০/১৫ জন লোক রাস্তায় গাছ ফেলে ইজিবাইকের গতিরোধ করার চেষ্টা করে। এ সময় সালাম দ্রুতগতিতে গাড়ি চালিয়ে যেতে চাইলে ব্যারিকেড দেয়া লোকজন গাড়ির সামনে আঘাত করে কাঁচ ভেঙে ফেলে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে থেমে যায়। এ সময় বেরিকেড দেয়া দুর্বৃত্তরা তাকে কিল-ঘুষি মেরে মোটা গজারি লাঠি দিয়ে নির্দয়ভাবে পেটাতে থাকে। একপর্যায়ে অচেতন হয়ে সালাম রাস্তায় ঢলে পড়েন। খবর পেয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মারধরের সময় বৃদ্ধ সালাম হামলাকারীদের কাছে প্রাণ ভিক্ষা চেয়ে আকুতি জানিয়ে বলছিলেন- ‘তোরা আমারে মারিস না, আমি চোর না, আমি পুলিশ ডিউটি করে এসেছি। তোরা থানায় খবর নিয়ে দেখ।’ কিন্তু হত্যাকারীদের নির্মমতা বন্ধ হয়নি। এ সময় তিনি সবার কাছে একটু পানি চেয়েও পাননি।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, সোমবার সকালে ময়না তদন্তের জন্য তার লাশ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং তিনজনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।