রাজশাহীর পুঠিয়ায় মন্টু (৪২) নামে এক ক্ষুদ্র চাল ব্যবসায়ী গাছের সাথে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার দিবাগত রাতে পুঠিয়ার মোহনপুর মাষ্টারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মন্টু ওই এলাকার মরহুম মনির উদ্দিনের ছেলে।

জানা গেছে, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। পরে সকাল সাড়ে ৫টার দিকে তার (মন্টু) স্ত্রী ঘুম থেকে উঠে বাইরে বের হতেই বাড়ির সাথে বাতাবি লেবুর গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

প্রতিবেশী আব্দুল বারী জানান, মন্টু চাল কেনাবেচা করতেন। কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। ঋণের কিস্তি পরিশোধ করতে গিয়ে তিনি আরো বেশি অভাবগ্রস্ত হয়ে পড়েন।

মন্টুর স্ত্রী বিলকিস খাতুন জানান, অভাবের সংসার। কিছুদিন থেকে তার মাথা ঠিক ছিল না। মানসিক অশান্তিতে ভুগছিলেন বেশির ভাগ সময়। এ কারণেই তিনি আত্মহত্যা করতে পারেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, পরিবেশ পরিস্থিতি দেখে মনে হচ্ছে এরা খুব গরিব মানুষ। মানসিক টেনশন থেকে ওই ব্যক্তি আত্মহত্যা করেছে বলে মনে হয়।