পটুয়াখালীর দশমিনায় বিএনপি'র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী র্যালিচলাকালে পুলিশের সাথে সংঘর্ষে অন্তত তিন পুলিশ ও দুই বিএনপি কর্মী আহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলা শহরের নলখোলা জৈনপুরি খানকা মাঠ এলাকা থেকে দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা র্যালি বের করে সদর রোড হয়ে পূজাখোলা এলাকায় গেলে পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়।
পেশাগত দায়িত্ব পালনকালে এ সময় উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও আমাদের সময় দশমিনা প্রতিনিধি শাহজাদা তোহামিনসহ দুই সাংবাদিক গুরুতর আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন হলে দলটির নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ।
এ ব্যাপারে দশমিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম শানু মোবাইলফোনে জানান, আমরাসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন খানকা মাঠ থেকে র্যালি বের করে পশুহাসপাতাল পর্যন্ত গেল পুলিশ আমাদের র্যালি বাধা দেয়। র্যালিতে অনেক লোক থাকায় আমরা পূজাখোলা গেলে শান্তিপূর্ন মিছিলে থাকা পেছনের লোকদের পুলিশ অতর্কিতভাবে লাঠিচার্জ করে। এতে লোকজন বিচ্ছিন্ন হয়েে যায় এবং আমি সাথে সাথেই র্যালি সমাপ্ত ঘোষণা করে লোকজনকে চলে যেতে বলি। আমি এ অতর্কিত হামলার প্রতিবাদ ও নিন্দা জানাই এবং যেই পুলিশ সদস্য এ ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তির দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, বিএনপির লোকজন রাস্থা অবরোধ করে দফায় দফায় মিছিল করে এতে জনসাধারণের চলাচল করতে বিঘ্ন ঘটে এবং যানবাহনের বিশাল লাইন হয়ে গেলে পুলিশ তাদেরকে বললে পুলিশের ওপর অতর্কিত হামলা, ইট পাটকেল নিক্ষেপ করে থাকে এবং গাড়ি ভাংচুর করে। ঘটনাস্থল থেকে দু'জনকে গ্রেফতার করে মামলা দেয়া হয়েছে।





