নওগাঁর মান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খোকন হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুসুম্বা ইউনিয়নের চককুসুম্বা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোকন হোসেন ওই গ্রামের সাহাবুদ্দিন মণ্ডল ওরফে সাবুর ছেলে। তিনি গরুর ব্যবসা করতেন।
নিহতের বাবা সাহাবুদ্দিন মণ্ডল জানান, বাড়ির নলকূপের সমস্যা হওয়ায় ছেলে খোকন হোসেন সেটি মেরামতের কাজ করছিলেন। একপর্যায়ে লোহার রড তোলার সময় অসাবধানতাবশত সেটি বিদ্যুতের মেইন তারে গিয়ে পড়ে। স্থানীয় লোকজন ছেলে খোকনকে উদ্ধার করে মান্দা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহত খোকনের লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।





