টানাবর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে গত মাসে কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পেয়েছে।
গতকাল সোমবার কাপ্তাই কর্ণফুলীর পানি বিদ্যুৎকেন্দ্রে পাঁচটি ইউনিটে ২০৩ মেগাওয়াট উৎপাদন হয়েছে। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে বলে কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে।
কাপ্তাই হ্রদে রুলকার্ভ অনুযায়ী পানি থাকার কথা ৯৯.৬৯ ফুট মিন সি লেভেল (এমএসএল)। গতকাল কাপ্তাই লেকে পানি রয়েছে ১০৫.৮৮ ফুট এমএসএল। কাপ্তাই লেকে পানির ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

এ দিকে কাপ্তাই হ্রদে পানি বেশি থাকায় রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজসহ বিভিন্ন উপজেলায় কিছু কিছু এলাকায় বন্যাকবলিত হয়েছে।
কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের বলেন, হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় পাঁচটি ইউনিট (জেনারেটর) চালু করে ২০৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে সর্বোচ্চ ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব।