হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৪৫ বছর।

সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে রেলওয়ে স্টেশনের পশ্চিম দিকে পুরাতদ থানা ভবনের পেছনে এ ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মারা যান। নিহতের পরিচয় নিশ্চিত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে সহযোগিতা নেয়া হবে।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির আলী একদল পুলিশ নিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে তিনি কাটা পড়েন। পরে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে স্টেশনে পুলিশ ফাঁড়ির সামনে রাখা হয়েছে।

পরিচয় শনাক্তের জন্য কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।