হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আবারো চেতনানাশক স্প্রে করে চুরির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে শায়েস্তাগঞ্জ পৌরসভার দক্ষিণ লেঞ্জাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, সৈয়দ শাহিন মিয়ার মালিকানাধীন বাসার ভাড়াটিয়া আরিফ মিয়ার ঘরের জানালা দিয়ে চেতনানাশক স্প্রে করে চোর চক্রটি। পরে তারা ওই বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আরিফ মিয়ার স্ত্রী ফরিদা বেগম, মেয়ে ফারিয়া আফরিন ইফতি, ফাইয়াদ মণ্ডল ও ফারদিন মণ্ডল অসুস্থ হয়ে পড়লে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, ইতোপূর্বে চেতনানাশক স্প্রে করে চুরি-ডাকাতির ঘটনায় ফারুক মিয়া নামের এক স্প্রে পার্টির সদস্যকে আটক করা হলে সে পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তার দেয়া তথ্য অনুসারে মূল হোতা তালেবকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে র্যাব-৭। কিন্তু এরপরও স্প্রে নিক্ষেপ করে চুরির ঘটনা থেমে নেই। কিছুদিন ধরে শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন বাসায় এ রকম আরো চুরির ঘটনা ঘটেছে। ফলে দুই উপজেলাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।