ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামে বাড়ির পাশে থাকা জলাশয়ে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে।
মারা যাওয়া দুই বোনের নাম জান্নাতুল রাইসা (৫) ও রাইকা আক্তার মাইশা (৪)। তারা বাড়িখলা দক্ষিণ পাড়ার বাসিন্দা ও সিঙ্গাপুর প্রবাসী মাহাবুবুর রহমান সাইফুলের মেয়ে।
সরেজমিনে জানা যায়, প্রতিদিনের মতো বাড়ির আঙিনায় আজ শনিবার দুপুরে খেলাধুলা করছিলেন দুই বোন। সেখানে থেকে হঠাৎ করে ফুটবল নিয়ে দৌড়াদৌড়ি করছিলেন বাড়ির উঠানে। বাড়ির আশপাশে তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা তাদের খোঁজ শুরু করেন। অনেক খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা প্রতিবেশিদের ডাক দেন। সবাই মিলে অনেক খোঁজাখুঁজি ও মাইকিং করেও তাদের কোনো খবর না পেয়ে পাশে রাধানগর গ্রামের কয়েকজন জেলেকে বাড়িতে নিয়ে আসেন। পরে বাড়ির পাশে জলাশয়ে ফুটবল ভাসছে দেখে সন্দেহ করে পানিতে নেমে দুই শিশুকে পানির নিচে থেকে উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, ফুটবল খেলার সময় বলটি পানিতে পড়ে যাওয়ার কারণে নিশ্চয়ই তারা দুই বোন একে একে বলটি আনতে গিয়ে জলাশয়ে নামেন। এরপর পা পিছলিয়ে সেখানে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে।
তিন মেয়ে ও এক ছেলে নিয়ে মাহাবুবুর রহমান সাইফুল এর স্ত্রী রূপালি আক্তার গ্রামে বসবাস করতেন। হঠাৎ করে আদরের দুই মেয়েকে হারিয়ে তিনিসহ পুরো পরিবার বাকরুদ্ধ।





