নরসিংদীর শিবপুরে সাইফুল ইসলাম (৫০) নামে এক গরু ব্যবসায়ীর মাথা বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।

সাইফুল ইসলাম একই ইউনিয়নের সানখোলা গ্রামের হেলিম মিয়ার ছেলে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, সকালে স্থানীয় কৃষকরা তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন লাশটি ঈদগাহ মাঠে পড়ে থাকতে দেখে এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশসহ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ আরো জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গরু ব্যবসা সংক্রান্ত টাকা লেনদেনকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে।

ওসি আরো বলেন, এ ঘটনায় লাভলু নামে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। অধিকতর তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।