হবিগঞ্জ শায়েস্তাগঞ্জের চাঁনপুর গ্রামে ঋণের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়ার জেরে নিজের পেটে ছুরি মেরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন স্ত্রী।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নারী তাসলিমা আক্তার (২২) উপজেলার নূরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাঁনপুর গ্রামের স্বামী কুরবান আলীর স্ত্রী ছিলেন। তাসলিমা আক্তারের তিন বছর এবং আট মাসের দু’টি ছেলে সন্তান রয়েছে।

জানা যায়, মঙ্গলবার স্বামীর ঋণের টাকা নিয়ে ওই স্ত্রীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাসলিমা নিজ পেটে ছুরি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাৎক্ষণিক হবিগঞ্জ সদর হাসপাতাল নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। বৃহস্পতিবার সকালে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

আরো জানা যায়, তাসলিমার স্বামী কুরবান আলীকে তার শ্বশুর সুদের ওপর টাকা এনে দিলে সেই টাকা পরিশোধ করতে না পারায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে তাসলিমা নিজ পেটে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ও পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে হাসপাতালে নেয়া হয়। বৃহস্পতিবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় ওয়ার্ড মেম্বার মো: দুদু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি শুনেছি কুরবান আলীর স্ত্রী নিজেই নিজের পেটে ছুরি দিয়ে আঘাত করেছে। পরে আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে ডাক্তার সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন এবং সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক কামাল বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।