চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ট্রাক ভাঙচুর ও চালকের ওপর হামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টায় মরিয়মনগর-চৌমুহনী-গাবতলী ডিসি সড়কের শান্তি নিকেতন বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক চালক তাজুল ইসলাম বাদি হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় মুহাম্মদ রহিম (৩৬) ও মোহাম্মদ বুলেট (৩৫) নামের দু’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, চালক তাজুল ইসলাম ইসলামপুর থেকে মিনি ট্রাকে করে ইট নিয়ে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে শান্তি নিকেতন বাজারে আসার পর একটি মোটরসাইকেল ওভারটেক করতে চাইলে পাশে অটোরিকশা থাকায় সাইড দিতে দেরি হয়। সাইড দিতে দেরি করায় মোটরসাইকেল আরোহী রহিম ও বুলেট নামের দুই ব্যক্তি গাড়ি পথ রোধ করে ট্রাক চালক তাজুল ইসলামের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে এবং লাঠি দিয়ে গাড়ি ভাঙচুর করে। আহতের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় গাবতলী ট্রাক-মিনিট্রাক চালক কল্যাণ সমবায় সমিতির সভাপতি আহমদ জারিফ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, ট্রাক চালককে মারধরের বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।





