নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুীর আশ্বাসে বুড়িমারী স্থলবন্দরের শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করেছেন। ছয় দিন পর গতকাল বুধবার কাজে যোগ দিয়েছেন আন্দোলনরত লোড-আনলোড শ্রমিকরা। এই ছয় দিন বুড়িমারী স্থলবন্দরে ভারত ও ভুটান থেকে আমদানিকৃত পণ্যবাহী শত শত ট্রাক লোড-আনলোডের অপেক্ষায় সড়কের উপরে দাঁড়িয়ে ছিল। মঙ্গলবার বিকেলে প্রতিমন্ত্রী বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের হলরুমে স্থানীয় প্রশাসন, কাস্টম, সিঅ্যান্ডএফ ব্যবসায়ী ও শ্রমিকনেতাদের নিয়ে মতবিনিময় সভা করেন। ওই সভায় প্রতিমন্ত্রী বলেন, আন্দোলনরত শ্রমিকদের দাবি যৌক্তিক। তারা সঠিক অধিকার না পাওয়ায় কাজ বন্ধ রেখেছেন। তিনি বলেন এখানকার ট্রেড ইউনিয়নগুলো সঠিকভাবে গঠিত হলে শ্রমিকদের এই আন্দোলনের প্রয়োজন হতো না। তিনি শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে বলেন, কোনো কিছুর সমাধান কাজ বন্ধ রেখে হয় না।





