হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সভাপতি ও চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল হোসেন আকল মিয়া হত্যা মামলার প্রধান আসামি রঞ্জন চন্দ্র পালের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল আলিম তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ২৬ সেপ্টেম্বর আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করলে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই ইন্সপেক্টর শরীফ রেজাউল করিম ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
২০১৮ সালের ১ মার্চ ভোরে চুনারুঘাট শহরের বাল্লা রোডের বাসা থেকে বের হয়ে মসজিদে ফজরের নামাজে যাওয়ার পথে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল হোসেন আকল মিয়ার ওপর হামলা হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতর বড় ছেলে অ্যাডভোকেট নাজমুল ইসলাম বকুল ঘটনার পরদিন রঞ্জন চন্দ্র পালকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। এ দিকে ঘটনার পর থেকে মামলার প্রধান আসামি রঞ্জন চন্দ্র পাল পলাতক ছিল। দীর্ঘ সাড়ে পাঁচ বছর পর গত ২৬ সেপ্টেম্বর হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।