শ্রমিকের ছদ্মবেশ ধারণ করে এক হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে কুলিয়ারচর থানা পুলিশ। গত বুধবার নির্মাণশ্রমিকের ছদ্মবেশ ধারণ করে হত্যা মামলার পলাতক আসামি আলমগীরকে (৪০) গ্রেফতার করেন কুলিয়ারচর থানার ইন্সপেক্টর (তদন্ত) লুৎফর রহমান।
জানা যায়, গত মাসের ১২ সেপ্টেম্বর কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায় দায়ের করা হত্যা মামলার এজাহার নামীয় আসামি আলমগীর ও অন্যরা বিভিন্ন জায়গায় আত্মগোপনে চলে যায়। কুলিয়ারচর থানার ইন্সপেক্টর লুৎফর রহমান মামলার তদন্তের দায়িত্ব পেয়ে আসামিদের গ্রেফতার করতে নারায়ণঞ্জ, ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় অভিযান চালান। একপর্যায়ে তিনি সংবাদ পান মামলার ৬ নম্বর আসামি আলমগীর চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানা এলাকায় শ্রমিকের কাজ করছেন। তিনি তখন তার সঙ্গীয় ফোর্স নিয়ে লুঙ্গি, শার্ট ও গামছা পরে নির্মাণশ্রমিকের ছদ্মবেশ ধারণ করেন এবং গত ৩ অক্টোবর মঙ্গলবার সকালে নির্মাণশ্রমিকের কাজ খোঁজার বাহানা করে ওই এলাকায় যান।

টানা ৩২ ঘণ্টা অভিযান পরিচালনা করে পরদিন বুধবার দুপুরে আসামি আলমগীরকে চিহ্নিত ও গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আলমগীর কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের হাজারীনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে। পুলিশের জিজ্ঞাসাবাদে অবশেষে তিনি তার নাম-ঠিকানা প্রকাশ করেন।
জানা যায়, ট্রাক্টর ভাড়ার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আসামি আলমগীরসহ ১৩-১৪ জন মিলে গত ১০ সেপ্টেম্বর কুলিয়ারচর উপজেলার ফরিদপুর পশ্চিমপাড়া গ্রামের শিপন মিয়া (২৯) ও তার বাবা আব্দুর রাজ্জাককে (৬৫) প্রচণ্ড মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে পাশের বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেøক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রাজ্জাক মৃত্যুবরণ করেন।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।