দুই দিনের টানা বর্ষণে ঘরের দেয়াল ধসে পড়ার পৃথক দুটি ঘটনায় এক দম্পতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ। গাজীপুরের কালিয়াকৈর থানাধীন সফিপুরের রতনপুর নলীপাড়া ও মহানগরীর কোনাবাড়ি থানাধীন বাইমাইল উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালিয়াকৈর উপজেলার রতনপুর (নলিপাড়া) গ্রামের হোসেন আলীর ছেলে এমারত হোসেন (৬০) ও তার স্ত্রী আছিয়া বেগম (৫০) এবং কুড়িগ্রামের অলিপুর থানার উমানন্দ গ্রামের দরগাহ পাড়া এলাকার মতিউর রহমানের ছেলে ফরিদুল ইসলাম (৬)।
কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে বাড়ির একটি মাটির ঘরে ঘুমিয়ে পড়েন কালিয়াকৈর থানাধীন সফিপুরের রতনপুর নলীপাড়া এলাকার এমারত হোসেন (৬০) ও তার স্ত্রী আছিয়া বেগম (৫০)। গত দু’দিনের টানা বর্ষণের কারণে মাটির ঘরের দেয়াল নরম হয়ে রাতের কোনো এক সময় ঘুমন্ত ওই দম্পতির উপর ধসে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তারা মারা যান। শুক্রবার সকালে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে ধসে পড়া দেয়ালের নিচে তাদের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় নিহতদের লাশ উদ্ধার করে।
এদিকে জিএমপি’র কোনাবাড়ি থানার এসআই সাঈদুর রহমান জানান, মহানগরীর বাইমাইল উত্তরপাড়া এলাকার হাফেজ মোল্লার বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থাকেন মতিউর রহমান। মতিউর রহমানের গ্রামের বাড়ি কুড়িগ্রামের অলিপুর থানার উমানন্দ গ্রামের দরগাহ পাড়া এলাকায়। বৃহস্পতিবার রাতে সেমিপাকা ওই ঘরের একটি দেয়াল হঠাৎ ধসে পড়ে। এতে দেওয়ালের নিচে চাপা পড়ে তার শিশু সন্তান ফরিদুল ইসলাম (৬) ঘটনাস্থলেই নিহত হন। পরদিন শুক্রবার দুপুরে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
উভয় ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।





