রাজশাহীর পুঠিয়ায় ইয়াবার আসর থেকে সাব্বির (৩৫) ও কাজল (৪০) নামের দু’জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাত ৮টার দিকে পুঠিয়া সদরের কাঁঠালবাড়িয়া সুজন মণ্ডলের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সাব্বির ও কাজল ওই গ্রামের বাবুল আলীর এবং মরহুম কায়েম উদ্দিনের ছেলে।
জানা গেছে, রহস্যজনক কারণে কাজলকে ছেড়ে দেয় পুলিশ।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাত ৮টার দিকে সদরের কাঁঠালবাড়িয়ায় সুজন মণ্ডলের বাড়িতে অভিযান চালানো হয় এবং ইয়াবার আসর থেকে তাদেরকে আটক করা হয়। পরে সাব্বিরকে ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
মামলার তদন্তকারী অফিসার (আইও) ফিরোজ মাহমুদ বলেন, ‘সাব্বির নামক একজনকে ডাকাতি প্রস্তুতি মামলায় গ্রেফতার করা হয়েছে। তাকে অনেকদিন থেকে আমরা খুঁজছিলাম। সে চুরি, ডাকাতি, ছিনতাইসহ আধাডজন মামলার আসামি।’
বাড়িওয়ালা সুজন মণ্ডল জানান, তিনি বাড়িতে দু’জন মহিলাকে ভাড়া দিয়েছেন। তারা গান বাজনা করে, কিন্তু সাব্বির আর কাজলের মতো ডাকাত ছিনতাইকারী ওই বাসায় কেন আসলো সে প্রশ্ন তার। তবে তাদের দু’জনকে পুলিশ নিয়ে গেছে বলে আমার ভাড়াটিয়ারা জানায়।
শনিবার সকাল ১০টার দিকে গ্রেফতার সাব্বিরের স্ত্রী মায়া বেগম জানান, তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। আমার পরিবারের লোকজন তাকে দেখতে থানায় এসেছি।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রফিকুল ইসলাম জানান, একজনকে গ্রেফতার আর আরেকজনকে ছেড়ে দেয়ার বিষয়ে আমার কিছু জানা নেই। ‘আমি আমার কাজে চারঘাট যাচ্ছি’।





