সুনামগঞ্জে দিরাইয়ে মায়ের সাথে নদীর ঘাটে গোসল করতে নেমে পানিতে ডুবে আদি বর্মন (১৪) নামে এক স্কুলছাত্রের নিখোঁজ হয়েছে।
সোমবার (৯ অক্টোবর) দুপুরে দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের চাঁন্দপুর গ্রামের কালনী নদীতে ঘটনাটি ঘটে।
নিখোঁজ আদি বর্মন চান্দপুর গ্রামের লিটন বর্মনের ছেলে ও দিরাই মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সন্ধ্যা ৭টা পর্যন্ত দিরাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা খোঁজ করেও ডুবে যাওয়া আদি বর্মনকে উদ্ধার করতে পারেনি।
দিরাই থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে স্কুলছাত্র আদি বর্মন তার মায়ের সাথে বাড়ি-সংলগ্ন কালনী নদীর ঘাটে গোসল করতে নামে। একসময় আদি বর্মনকে ডুবে যেতে দেখে তার মা হাত ধরে তুলার চেষ্টা করেও তুলতে পারেননি। হতভাগা মায়ের হাত ফসকে আস্তে আস্তে নদীর ঘাটে পানিতে ডুবে যায় ছেলে। এ সময় মায়ের ডাকাডাকিতে আশপাশের লোকজন এসেও তারা ডুবে যাওয়া আদি বর্মনকে খোঁজে পায়নি।
খবর পেয়ে দিরাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দিনভর খোঁজ করতে থাকেন। সন্ধ্যা পর্যন্ত স্কুলছাত্র আদি বর্মনকে উদ্ধার করা সম্ভব হয়নি।
দিরাই থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুক্তাদির হোসেন রাত সাড়ে ৮টায় নয়াদিগন্তকে বলেন, মায়ের সাথে নদীর ঘাটে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুলছাত্র আদি বর্মন নিখোঁজ রয়েছে। সন্ধ্যা পর্যন্ত থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করতে পারেনি।





