কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ির সীমানা বিরোধের জেরে আ: সাত্তার নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার দুপুরে উপজেলার মসুয়া ইউনিয়নের বৈরাগীচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আ: সাত্তার ওই গ্রামের মরহুম আশরাফ উদ্দিনের ছেলে।

জানা গেছে, আ: সাত্তারের সাথে একই গ্রামের মোহাম্মদ আলী ও তার ভাই ফজলু মিয়ার দীর্ঘ দিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে বাড়ির সীমানায় বৃষ্টির পানি পড়াকে কেন্দ্র করে সোমবার আ: সাত্তারের সাথে প্রতিপক্ষের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শাহাদাত হোসেন জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।