পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা মৌডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বজ্রপাতে এক শিক্ষকসহ মোট ১৩ জন আহত হয়েছে। আহত শিক্ষার্থীরা সবাই ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
বুধবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় ষষ্ঠ শ্রেণিতে ক্লাস নিচ্ছিলেন ইংরেজি শিক্ষক সুজিৎ চন্দ্র দাস।
আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তারা হলো ফাতিহা (১১), তহুরা (১১), তামিমা (১২), কারিমা (১১) ও সাবিহা (১১)।
আহত অন্যরা হলো উম্মেহানী, দিবা, নাদিরা, তনিমা, মুনিয়া, মোহনা ও নাদিয়া।
বজ্রপাতে অজ্ঞান হওয়ার পর সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাদের জ্ঞান ফেরেনি। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া ঋপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিদ্যালয়ে যথারিতি ক্লাস চলছিল। হঠাৎ বজ্রপাতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষের জানালা দিয়ে ধোঁয়া প্রবেশ করে। প্রচণ্ড শব্দের কারণে ১৩ শিক্ষার্থীসহ ওই শিক্ষক আহত হন। আতঙ্কিত হয়ে পাঁচ ছাত্রী ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পরে। জ্ঞান ফিরতে দেরি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে পাঠানো হয়। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহত শিক্ষক সুজিৎ চন্দ্র দাস বলেন, হঠাৎ প্রচণ্ড শব্দে সবাই আতঙ্কিত হয়ে যাই। আহতদের তৎক্ষণাৎ উদ্ধারের চেষ্টা করেছি।
মৌডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন খান বলেন, এ রকম ঘটনা বিদ্যালয়ে এই প্রথম। আমরা আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতের জন্য সর্বাত্মক চেষ্টা করছি। উন্নত চিকিৎসার জন্য আহতদের কলাপাড়া স্বাস্থ্যকম্প্লেক্সে পাঠানো হয়েছে।





