ছাতকের কৃতী সন্তান অধ্যাপক শামসুল আলম জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেছেন। প্রফেসর শামসুল আলম ১৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের মাধ্যমে ১৯৯৩ সালে হিসাববিজ্ঞানের প্রভাষক হিসেবে প্রথম যোগদান করেন সুনামগঞ্জ সরকারি কলেজে। পরবর্তীতে বিভিন্ন সময়ে তিনি মৌলভীবাজার সরকারি কলেজ, সুনামগঞ্জ সরকারি কলেজ ও আজমিরীগঞ্জ সরকারি কলেজে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সুনামগঞ্জ সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। সর্বশেষ চলতি বছরের ২৫ জুলাই আজমিরীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ থেকে সুনামগঞ্জ সরকারি কলেজে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন। অবশেষে বুধবার শিক্ষা মন্ত্রণালয় তাকে সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগদান করে বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রফেসর শামসুল আলম হিসাববিজ্ঞান বিষয়ের একজন দক্ষ শিক্ষক হওয়ার পাশাপাশি রয়েছে প্রশাসনিক দক্ষতা।
জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ সুনামগঞ্জ সরকারি কলেজে প্রফেসর শামসুল আলমকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়ায় বর্তমান শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। প্রফেসর শামসুল আলম শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।