নরসিংদীর শিবপুরে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কাজী মুইন (২৮) নামের এক যুবককে নিজ ঘরের বারান্দায় দিন দুপুরে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মুইন উপজেলার মাছিমপুর ইউনিয়নের চৌঘরিয়া পশ্চিমপাড়া গ্রামের কাজী আরিফুল ইসলাম হানিফ মাস্টারের ছেলে।

নিহতের বাবা হানিফ মাস্টার ও স্থানীয় ওয়ার্ড মেম্বার কামরুজ্জামান মকুল এ তথ্য নিশ্চত করেছেন।

স্থানীয় এলাকাবাসী ও নিহততের বাবা হানিফ মাস্টার জানান, বেলা ১১টার দিকে স্থানীয় শাহাবুদ্দিন বাজার থেকে তার ছোট মেয়েকে নিয়ে বাড়ি আসার পথে একই গ্রামের নাছির উদ্দিনের ছেলে বেলায়েত হোসেন (৩২) মুইনের পকেটে সিগারেটের জন্য হাত দেয়। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। পরে বিষয়টি উপস্থিত স্থানীয় লোকজন মীমাংসা করে দেন। মুইন বাড়িতে আসার পর বেলায়েত তার লোকজন নিয়ে মুইনকে নিজ ঘরে একা পেয়ে মারপিট করে চলে যায়। এরপর তৃতীয় দফায় দুপুর দেড়টার সময় মুইনের বাড়িতে গিয়ে বেলায়েত নৃশংসভাবে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ সময় এলাকার লোকজন জুমার নামাজে থাকায় কেউ তাকে ধরতে পারেনি। মুইনের চিৎকারে তার মা এসে রক্তাক্ত অবস্থায় ঘরের বারান্দায় তাকে পরে থাকতে দেখে। পরে মুইনের মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং শিবপুর মডেল থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে ওসি ফিরোজ তালুকদার ও শিবপুর সার্কেল মেজবাহ উদ্দিন জানান, হত্যার সাথে জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।