ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বৈদ্যুতিক মোটর দিয়ে পুকুর সেচের সময় বিদ্যুৎস্পৃষ্টে জাহাঙ্গীর আলম অরফে চেয়ারম্যান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত জাহাঙ্গীর আলম অরফে চেয়ারম্যান বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জিয়াবাড়ী গ্রামের মরহুম শহীদ আলী দর্জির ছেলে। তাকে বাঁচাতে গিয়ে প্রতিবেশী আবদুর রহিমের ছেলে পলাশও (২০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন। শনিবার সকাল ৮টায় জিয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকাল থেকে বৈদ্যুতিক মোটর দিয়ে বাড়ির পুকুর সেচা হচ্ছিলো। শনিবার সকালের দিকে হঠাৎ মোটরটি বন্ধ হয়ে যায়। এ সময় জাহাঙ্গীর আলম অরফে চেয়ারম্যান মোটরে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। সাথে সাথে তার মৃত্যু হয়। পরে প্রতিবেশী আবদুর রহিমের ছেলে পলাশ (২০) তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে। আহত পলাশকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার করেন।
বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম বিষয়টি নিশ্চিত করেছেন।