রান্নাঘর থেকে ছড়িয়ে পড়া আগুনে দু’টি পরিবারের মোট পাঁচটি ঘর আসবাবপত্র ও মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে ওই দুই পরিবারের প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সাড়ারপাড় গ্রামে মজনু মণ্ডল ও সোহেল মণ্ডলের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সরেজমিন গিয়ে জানা যায়, সকালের দিকে সাড়ারপাড়া গ্রামের মজনু মণ্ডলের স্ত্রী রান্নাঘরে রান্না করছিলেন। রান্না শেষে চুলার আগুন না নিভিয়ে বাইরে চলে যান। এ সময় চুলার চারপাশে থাকা শুকনো খড়িতে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরে।
সোহেল মণ্ডল বলেন, প্রথমে আমার চাচার বাড়ির তিনটি ঘরে আগুন লেগে যায়। পরে সেই আগুন আমার দু’টি ঘরেও লেগে যায়। এতে করে আমাদের ঘরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় গ্রামবাসী ছুটে এসে বেশির ভাগ আগুন নিভিয়ে ফেলে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন পুরপুরি নিয়ন্ত্রণে আনেন।
পাঁচবিবি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রতন হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হলেও প্রায় চার-পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।