পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে ওই ইউনিয়নের আউলিয়াপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
আগুনে মহসিন মাতুব্বর, মো: মোফাজ্জেল ও মো: শাখায়াতসহ পাঁচ ব্যবসায়ীর চারটি মুদিমনোহারি ও একটি চায়ের দোকান সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কয়েক লাখ টাকার ক্ষতির সম্মুখীন হন ব্যবসায়ীরা।
এ সময় দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা নাজ নীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় তিনি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সাড়ে সাত হাজার টাকা করে সাড়ে ৩৭ হাজার টাকা দেয়া হবে।
এ বিষয়ে দশমিনা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো: আনোয়ার বলেন, আগুন নিয়ন্ত্রণে একটি ইউনিট কাজ করেছে। আগুনে পাঁচটি ব্যবসা-প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।





