বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের কুড়াহার গ্রামের কাঁঠালকুশি ধানক্ষেত থেকে এক কৃষকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ নভেম্বর) সকালে তার লাশটি উদ্ধার করা হয়।
নিহতের নাম মো: জাহিদুল ইসলাম। তিনি শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গাংগইট গ্রামের মো: জহুরুল ইসলামের ছেলে।
ছোট ভাই মো: ইব্রাহিম হোসেন তার পড়নের কাপড়-চোপর দেখে পরিচয় নিশ্চিত করে জানান গত তিন থেকে চার দিন আগে জাহিদুল ইসলাম নিখোঁজ হন ৷
ইব্রাহিম সাংবাদিককে জানান, তার বড় ভাই জাহিদুল খিরিবাড়ী মাঠে ধান কাটার কাজ করে দুপুরে ভাত খেয়ে কাউকে কিছু না বলে চলে যান। সেই থেকে তার কোনো খোঁজ নেই। তার প্রথক স্ত্রী তালাক হওয়ার পর অনেকটা মানসিক ভারসম্যহীন তিনি বাঘোপাড়া এলাকায় দ্বিতীয় বিয়ে করে সংসার করেন। সে কিছুটা অল্পবুদ্ধি সম্পন্নও ছিলেন।
স্থানীয়রা জানান, বুধবার সকালে মাঠে ধান কাটতে যাওয়া লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। আশেপাশের শতশত নারী-পুরুষ লাশ দেখলেও কেউ চিনতে পারেনি। পরে পুলিশ ফিঙার প্রিন্ট সংগ্রহ করে পরিচয় উদঘাটন করে। তবে কী কারণে হত্যা হয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ কাজ শুরু করেছে।
ধারণা করা হচ্ছে তিন থেকে চার দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ধানক্ষেতে লাশ ফেলে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া মর্গে পাঠানো হয়েছে।





