হবিগঞ্জের চুনারুঘাটে পারভীন আক্তার জেসমিনের করা যৌতুক মামলায় স্বামী রয়েল মিয়াকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। রয়েল মিয়া উপজেলার চানপুর এলাকার মৃত ওমর আলীর ছেলে। রোববার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এএসআই মনির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ তার নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
জানা যায়, রয়েল মিয়া ব্যবসার জন্য তার স্ত্রীকে বাপের বাড়ি থেকে দুই লাখ টাকার ব্যবস্থা করে দিতে বলে। পারভীন তাতে রাজি না হওয়ায় তার ওপর শারীরিক নির্যাতন চালায় সে। সর্বশেষ গত ১৮ জুলাই বিকেলে পারভীনকে অমানুষিক নির্যাতন করে রয়েল মিয়া। পারভীন এ ঘটনা তার বাবাকে জানালে আত্মীয়স্বজনরা এসে তাকে স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা শেষে গত ৩ আগস্ট হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করেন তিনি।
চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক জানান, আসামিকে আদালতে উপস্থিত করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।