চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শীর্ষ মাদক কারবারি আজিজুল হক প্রকাশ অ্যালেন শামীমকে (৩৬) পুলিশ গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার রাত ৩টায় রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় চট্টগ্রাম নগরী থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ঘাটচেক এলাকার মৃত ফয়েজ আহমদের ছেলে অ্যালেন শামীমের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী অবৈধ অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে পারুয়া এলাকার দুর্গম ছিড়াটিলা গ্রামে মাদক আস্তানা গড়ে তোলে।
র্যাব-৭ রাঙ্গুনিয়ার পারুয়া ছিড়াটিলা গ্রামে গত মঙ্গলবার অ্যালেন শামীমের মাদক আস্তানায় অভিযান চালিয়ে তার তিন সহযোগী লক্ষ্মীপুরের শাকিল হোসেন (২৭), রাঙ্গুনিয়া কোদালা গ্রামের ফারুক (২২) ও রাউজান থানার আরিফ (২২) গ্রেফতার করে। এ সময় আস্তানায় তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রক্ষিত স্টিলের দু’টি ট্রাংকের ভেতর থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, এস এস পাইপ ও সাইকেলের প্যাডেলের চাকতি দিয়ে বিশেষভাবে তৈরি চারটি দেশীয় অস্ত্র, ৪৪ বোতল ফেনসিডিল, ১৮০ পিস ইয়াবা, ১০ কেজি গাঁজা ও তিনটি সিসি ক্যামেরা জব্দ করা হয়।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, কুখ্যাত মাদক সম্রাট আজিজুল হক প্রকাশ অ্যালেন শামীমকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-৭ পারুয়া এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধারকালে শামীম পালিয়ে যায় এবং ঘটনার পর থেকে সে বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকার চেষ্টা করে। চট্টগ্রাম শহরে অবস্থান করছে মর্মে সংবাদ পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও মারামারিসহ ছয়টি মামলা রয়েছে। শুক্রবার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।





