নওগাঁ শহরের ইয়াদালীর মোড়ে মুখোশধারী সন্ত্রাসীরা কামাল হোসেন (৫২) নামে এক বিএনপি নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে। গত শনিবার অনুমান রাত ১০টার দিকে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন শহরের রজাকপুর এলাকার বাসিন্দা। তিনি নওগাঁ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ছাড়া তিনি নওগাঁ নজরুল একাডেমির সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নওগাঁ জেলা কমিটির সদস্য ছিলেন বিলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন রাত ১০টার দিকে সড়কের পাশে কামাল মোটরসাইকেলে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় হঠাৎ করেই মুখোশধারী ও মাথায় হেলমেট পড়া পাঁচ থেকে সাতজন যুবক তাকে চাপাতি ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। দুর্বৃত্তরা কামালের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় কামাল হোসেনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়সাল বিন আহসান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছে। লাশের ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।





