রাজশাহীর পুঠিয়ায় অটোভ্যানে করে প্রাণ কোম্পানিতে কাজে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ সময় একই ভ্যানে থাকা আরো তিনজন আহত হয়েছে।

নিহত সাথী খাতুন (২৫) পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকার বাসিন্দা।

সোমবার সকাল ৮টার দিকে নাটোর সদর উপজেলার রাজশাহী-নাটোর মহাসড়কের চাঁদপুর পাবনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহীর পবা হাইওয়ে পুলিশ কর্মকর্তা ওসি মোফাখ্খারুল ইসলাম জানান, সাথী খাতুন পুঠিয়া থানার ঝলমলিয়া এলাকার হিমেল হাসানের স্ত্রী ও নাটোর প্রাণ কোম্পানির নারী শ্রমিক ছিল।

জানা গেছে, সকালে একটি অটোভ্যানে চারজন নারী শ্রমিক নাটোরের প্রাণ কোম্পানিতে যাওয়ার পথে চাঁদপুর পাবনাপাড়া এলাকায় মাটি বোঝাই ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে অটোভ্যান উল্টে গিয়ে চারজন আহত হয়। পরে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাথী খাতুনের মৃত্যু হয়। অপর আহত তিনজন চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পবা হাইওয়ে পুলিশের কর্মকর্তা মোফাখ্খারুল ইসলাম।