নরসিংদীর পলাশে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পরে পালিয়ে যাওয়ার ১২ ঘণ্টার মধ্যে স্বামী রূপন আহম্মেদকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ভোরে কিশোরগঞ্জের কটিয়াদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পলাশ থানা পুলিশ। গ্রেফতারকৃত রূপন আহম্মেদ ঘোড়াশাল পৌর এলাকার মিয়াপাড়া গ্রামের রহিম মিয়ার ছেলে।
পলাশ থানার ওসি ইকতিয়ার উদ্দিন জানান, গ্রেফতারকৃত রূপন আহম্মেদ রোববার ভোরে তার স্ত্রী সুমি আক্তারকে শ্বাসরোধে হত্যা করে লাশ খাটের নিয়ে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এই হত্যার ঘটনায় নিহতের বাবা ফজলুর রহমান বাদি হয়ে থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত রূপনকে গ্রেফতারে অভিযান চালায়। পরে তথ্য প্রযুক্তির সহযোগিতায় কিশোরগঞ্জের কটিয়াদী থেকে তাকে গ্রেফতার করা হয়।