বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত-অটোরিকশার চালক আহসান হাবিব (৪৫) নিহত হয়েছেন।

বুধবার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কাথম কোয়ালিটি ফিড কারখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহসান হাবিব জেলার শেরপুর উপজেলার রনবীর ঘাটপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার ভোরে নন্দীগ্রাম থেকে সিএনজিচালিত-অটোরিকশা নিয়ে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন চালক আহসান হাবিব। পথে বগুড়া-নাটোর মহাসড়কের কাথম কোয়ালিটি ফিড কারখানা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আহসান হাবিবকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্বাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিএনজিচালিত-অটোরিকশাটি থানার হেফাজতে আছে।