রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কাজলা গেইটে পণ্যবাহী ট্রাকে আগুন দেয়ার ঘটনায় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহীসহ (২৮) ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার বিকেলে মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) মো: জাকারিয়া মাসুদ মামলাটি করেন।
মতিহার থানার পরিদর্শক মো: রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন।
মামলার অন্য আসামিরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো: সাকিলুর রহমান সোহাগ (২৮), সহ-সভাপতি মো: তরিকুল ইসলাম (৩১), কর্মী মো: তিমেল (২২), কর্মী মো: সোহান (৩৫) ও আশরাফুল ইসলাম (পরিচয় জানা যায়নি)।
১৯৭৪ সালে বিশেষ ক্ষমতা আইনের ধারা ১৫(৩) অনুযায়ী মামলার বিবরণীতে বলা হয়েছে, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার চেষ্টা এবং যানবাহনে আগুন দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নসহ সরকারের প্রতি বিরুপ প্রভাব ও জনগণের মধ্যে ভীতি সৃষ্টি, মানুষের জান-মাল ও সরকারি সম্পত্তির বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড করার অপরাধ।
এ বিষয়ে মামলার প্রধান আসামি সুলতান আহমেদ রাহী বলেন, ট্রাক পুড়ানো, গাড়িতে হামলা এসব সন্ত্রাসী কার্যকলাপ আওয়ামী লীগের চরিত্র। পুলিশ ও দলীয় নেতাকর্মী দ্বারা বাসে আগুন দিয়ে গণতন্ত্রকামী মানুষদের নামে মিথ্যা মামলায় দিয়ে জেল খাটাচ্ছে। জনগণ এসব আর বিশ্বাস করে না। আমরা দেশনায়ক তারেক রহমানের আহ্বানে রাজপথে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ভোটের অধিকারে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবো। এসব মিথ্যা মামলা হামলা দিয়ে আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না।
এ বিষয়ে মতিহার থানার পরিদর্শক মো: রুহুল আমিন বলেন, ‘আমাদের থানার এক এসআই এ মামলা করেন। মামলায় ছয়জনকে আসামি করা হয়। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।





