টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যায় সাগরদিঘী-ঘাটাইল সড়কের কামালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের ইন্দিরাবাইদ গ্রামের মিন্টু মিয়ার ছেলে সবুজ (২০) ও তার বন্ধু একই গ্রামের মো: জসিম উদ্দীনের ছেলে সোহাগ মিয়া (১৮)।
স্থানীয়রা জানান, দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে সাগরদিঘী থেকে শহর গোপীনপুর যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি কামালপুর এলাকায় পৌঁছালে একটি ধান বোঝাই অটোভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পরে। পরে গুরুতর আহত অবস্থায় সোহাগকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, আহত সবুজকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ভিক্টর ব্যানার্জী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তাদের লাশ কাছে হস্তান্তর করা হবে।





