টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনার বিস্তীর্ণ চরজুড়ে এখন ভুট্টাক্ষেত। যেদিকে চোখ যায় সেদিকেই ভুট্টাপাতার সবুজের সমারোহ। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ভুট্টার ভালো ফলনের স্বপ্ন দেখছেন কৃষকরা। কিন্তু কৃষকদের এমন স্বপ্নভঙ্গ করে দিচ্ছে ‘ফল আর্মিওয়ার্ম’ নামে এক ধরনের ক্ষতিকারক পোকা। কীটনাশক ব্যবহার করেও এ পোকা দমন করতে পারছেন না চাষিরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, গত মৌসুমে (২০২২-২৩ অর্থবছরে) এ উপজেলায় তিন হাজার ১০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়। এতে চাষিরা ভালো ফলন পেয়েছেন। চলতি মৌসুমে ২০২৩-২৪ অর্থবছরে তিন হাজার ৫০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হচ্ছে। অর্থাৎ গত বছরের তুলনায় এবার ৪০ হেক্টর জমিতে বেশি চাষ হয়েছে।
কালীপুর গ্রামের ভুট্টা চাষি আবদুর আলীম বলেন, গতবারের মতো এবারো ৮-১০ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। কিন্তু শুরুতেই ভুট্টার পাতায় ফল আর্মিওয়ার্ম পোকার আক্রমণ দেখা দিয়েছে। দফায় দফায় কীটনাশক প্রয়োগ করেও এ পোকা দমন করতে পারছি না। নতুন যে কুশিগুলো বের হচ্ছে তার প্রায় সবই পোকায় কেটে ফেলছে। যার ফলে শুকিয়ে যাচ্ছে গাছ।
উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান বলেন, করতেনজা দিয়ে বীজ শোধন না করা, এসএফএন এনপিভি (ফউলিজেন) স্প্রে না করা, ব্রাকন হেবিটর অবমুক্ত না করা ও বালাইনাশক সঠিক মাত্রায় ব্যবহার না করায় ভুট্টা গাছের পাতায় আর্মিওয়ার্ম পোকার উপদ্রব দেখা দিয়েছে। কিন্তু চাষিদের দুশ্চিন্তার কিছু নেই। সঠিক নিয়মে কীটশনাক ব্যবহারে পোকার উপদ্রব হ্রাস যাবে। উপ-সহকারী কর্মকর্তারা মাঠপর্যায়ে এ নিয়ে পরামর্শ দিচ্ছেন।
ভূঞাপুরে ভুট্টাক্ষেতে পোকার আক্রমণ কীটনাশকেও কাজ হচ্ছে না
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনার বিস্তীর্ণ চরজুড়ে এখন ভুট্টাক্ষেত। যেদিকে চোখ যায় সেদিকেই ভুট্টাপাতার সবুজের সমারোহ। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ভুট্টার ভালো ফলনের স্বপ্ন দেখছেন কৃষকরা।...





