সরকারি বেসরকারি চাকরি, মিডিয়া ও শিক্ষায় নারীর সমতা ও ন্যায্যতা নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. সাদেকা হালিম।
বৃহস্পতিবার ভারতের মালদাহের রাইগঞ্জ বিশ্ববিদ্যালয় ও চাচোল কলেজের যৌথ উদ্যোগে ‘ইন্ডিয়ান কাউন্সিল ফর সোশ্যাল সায়েন্স রিসার্চের’ (আইসিএসএসআর) অর্থায়ন এবং সার্বিক সহযোগিতায় ‘জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড উইমেনস রাইট : এক্সপ্লোরিং উইমেন্স ভয়েস অ্যান্ড এক্সপেরিয়েন্স ইন সাউথ এশিয়া’ শীর্ষক দু’দিনব্যাপী এ আন্তর্জাতিক কনফারেন্সের মূল প্রাবন্ধিকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনায় সমাজবিজ্ঞানী সাদেকা হালিম উইমেন এমপাওয়ারমেন্ট ইন সাউথ এশিয়া : রাইটস অ্যান্ড জাস্টিস শিরোনামের মূল প্রবন্ধে দক্ষিণ এশিয়ার নারীর সমসাময়িক পরিস্থিতির সার্বিক রূপরেখা তুলে ধরেন। বাংলাদেশকে একটি কেস হিসেবে নিয়ে বিভিন্ন প্রায়োগিক ও সংখ্যাতাত্ত্বিক তথ্য-উপাত্তের মাধ্যমে বাংলাদেশের নারীর ক্ষমতায়ন, অধিকার এবং ন্যায্যতা ও সমতায় মূল স্রোতে নারীর মূল ধারাকরণের আলোকপাত করেন। এছাড়া রাজনৈতিক ক্ষেত্রে সরকারি ও বেসরকারি চাকরির ক্ষেত্রে, মিডিয়াতে, নারীর স্বক্ষমতায় উদ্যোক্তার ক্ষেত্রে, শিক্ষায় নারীর ক্ষমতায়ন, সমতা ও ন্যায্যতা এবং বিভিন্ন ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। একইসাথে বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ কৃতিত্বের বিষয়টি আলোকপাত করেন ড. সাদেকা হালিম।
গত ৫ ডিসেম্বর কলকাতায় বাংলাদেশ হাইকমিশন কর্তৃক আয়োজিত ১১তম বাংলাদেশ বইমেলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জবি ভিসি ড. সাদেকা হালিম। ‘দেশভাগ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসচর্চা’ শীর্ষক আলোচনায় তিনি দেশভাগের সমাজতাত্ত্বিক বিশ্লেষণ করেন। কলকাতায় নিযুক্ত ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াসের সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মফিদুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ড. সাদেকা হালিম দুই বাংলার মেলবন্ধনের বিষয় এবং উন্নত, মানবিক, অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ মনস্ক-মানস গঠনে বই পড়ার ওপর গুরুত্বারোপ করেন।