ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইলের মাধ্যমে অবৈধ উপায়ে পরীক্ষা দেয়ার সময় সাত শিক্ষার্থীকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার (৮ ডিসেম্বর) তাদেরকে ডিভাইসসহ আটক করা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা জানান, সদর উপজেলার বেশ কয়েকটি পরীক্ষাকেন্দ্র থেকে প্রশ্নপত্র ও ডিভাইসসহ সাতজনকে আটক করেন স্কুল কর্তৃপক্ষ। পরে স্ব স্ব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ তাদের পুলিশের হাতে সোপর্দ করেন।
ঠাকুরগাঁওয়ের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রসচিব মোতালেব হোসেন জানান, আটক পরীক্ষার্থীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। প্রশ্নপত্র ফাঁস হওয়ায় প্রকৃত মেধাবীদের বাছাই করা কঠিন হয়ে পড়ছে। অন্য দিকে যারা অসাধু উপায়ে পরীক্ষা দেয়ার চেষ্টা করছেন এবং ধরা পড়ছেন তাদের ভবিষ্যৎও ধ্বংস হয়ে যাচ্ছে।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মনছুর রহমান জানান, নিয়োগ পরীক্ষায় অংশ নেয়া সরকারি কলেজ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি কেন্দ্র থেকে আটকদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।