পিরোজপুর-১ আসনের নাজিরপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মিসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকেরা হামলা করেছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকেরা। অন্যদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকদের দাবি স্বতন্ত্র প্রার্থীর লোকজন তাদের উপর হামলা চালিয়ে কর্মীদের আহত করেছে। শনিবার বিকেলে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মাটিভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সধারণ সম্পাদক দিপ্তেন মজুমদার জানান, স্বতন্ত্র প্রার্থী একেএমএ আউয়ালের পক্ষে তারা উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বড়ইবুনিয়া চারঘাটায় কর্মী সমাবেশ করছিলেন। সমাবেশের শেষ পর্যায়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শ ম রেজাউল করিমের লোকজন তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে সাতজনকে আহত করে।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শ ম রেজাউল করিমের বড় ভাই নজরুল ইসলাম ওরফে বাবুল পাল্টা অভিযোগ করে বলেন, চরঘাটা এলাকা থেকে তাদের লোকজন যাওয়ার সময় স্বতন্ত্র প্রার্থী একেএমএ আউয়ালের সমর্থকেরা তাদের উপর হামলা করে। এতে তাদের তিন কর্মী আহত হয়েছে যাদেরকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, এ ঘটনাকে কেন্দ্র করে আবারো আরো বড় ধরনের ঘটনা ঘটতে পাড়ে। এ ঘটনায় এলাকায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে নাজিরপুর থানার ওসি হুমায়ুন কবির জানান, আওয়ামী লীগ মনোনীত এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের একই এলাকায় কর্মী সমাবেশ থাকায় দুই পক্ষের মধ্যে সামান্য মারামারি হয়েছে। তবে এ বিষয়ে কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায় নাই। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।