গাজীপুরের কালিয়াকৈরে মোবাইল ব্যাংকিং বিকাশের এক কর্মচারীকে অপহরণকালে জামাই-শ্বশুরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে কালিয়াকৈর উপজেলার কালামপুর মাটিকাটা রেললাইন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শ্বশুর কালিয়াকৈর পৌরসভার কালামপুর বল খেলার মাঠ এলাকার হোসেন মিয়ার ছেলে আবু তাহের ও তার মেয়ের জামাই টাঙ্গাইল জেলার মধুপুর থানার জটাও বাড়ির আজাহার আলীর ছেলে মনির (৩৫)।

স্থানীয় বাজারের ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মোবাইল ব্যাংকিং বিকাশের ওই কর্মী কালামপুর মাটিকাটা রেললাইন বাজারে মার্কেটিংয়ের কাজে যায়। কাজ শেষে ফেরার পথে অভিযুক্ত জামাই শ্বশুর একটি সাদা মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১৬-০০৯৬) নিয়ে তার গতিরোধ করে জোরপূর্বক গাড়িতে তুলেন। এ সময় তার চিৎকারে পথচারী ও বাজারের লোকজন ছুটে এসে গাড়িসহ জামাই শ্বশুরকে আটক করে গণধোলাই দেন। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: সাব্বির আহমেদ জানান, তাকে থানায় আনা হয়েছে। জিজ্ঞেসাবাদ ও তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।