ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মোটরবাইক ও থ্রি-হুইলার পাগলু গাড়ির মুখোমুখি সংঘর্ষে মোটরবাইকচালক আব্দুস সবুর (৪০) নামে একজন নিহত হয়েছেন।
বুধবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলার ভানোর ইউনিয়নের হলদীবাড়ি কাঁচকালী নামক মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সবুর হরিপুর উপজেলার গোকুয়াল গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে।
নিহতের বাবা আব্দুল ওয়াহাব জানান, বুধবার বিকাল ৩টায় আব্দুস সবুর বাড়ি হতে মোটরবাইকযোগে পাওনা টাকা আনতে বালিয়াডাঙ্গী যাওয়ার পথে হলদীবাড়ি কাঁচকালী নামক মহাসড়ক এলাকায় পৌঁছায়। এ সময় থ্রি-হুইলার পাগলু গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আমার ছেলে মোটরবাইকচালক আব্দুস সবুর গুরুতর আহত হয়। পথচারীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিকভাবে তাকে দিনাজপুর এম রহিম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার্ড করে। সেখান থেকে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
বালিয়াডাঙ্গী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।





