বগুড়ার শিবগঞ্জে পরকীয়ার জেরে শয়নকক্ষে খুন হলেন এক ট্রাকচালক।

বুধবার (১৩ ডিসেম্বর) শিবগঞ্জ সদর ইউনিয়নের পূর্বজাহাঙ্গীরাবাদ চাউলিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রুবেল হোসেন (২৬) শিবগঞ্জের চাউলিয়াপাড়া গ্রামের জামাত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রুবেল হোসেন প্রায় ১২ বছর আগে একই গ্রামের সুলতান হোসেনের মেয়ে সিমা বেগমকে (২৩) বিয়ে করেন। দাম্পত্য জীবনে আট বছরের সোয়াদ নামের এক ছেলে সন্তান আছে। নিহতের স্ত্রী কয়েক বছর ধরে পরকিয়া সম্পর্কে জড়িয়ে পরে। এ নিয়ে স্বামী-স্ত্রী মধ্যে ঝগড়া লেগেই থাকত।

নিহত রুবেলের বড় ভাই রজ্জব আলী জানান, রুবেলের স্ত্রী পরকিয়া সম্পর্কে জড়িয়ে পরায় এ হত্যাকাণ্ড ঘটতে পারে। পরকিয়া প্রেমিকের কথামত ভাড়াটিয়া লোকজন দ্বারা আমার ভাইকে নির্মমভাবে খুন করা হয়েছে মর্মে তিনি দাবি করেন। তিনি আরো বলেন, আমার ভাইয়ের বাড়িতে রাতভর উচ্চস্বরে গান বেজেছিল।

নিহতের স্ত্রী সিমা বেগম বলেন, পাশে বাবার বাড়িতে বসবাস করি আমি। পারিবারিক কলোহের কারণে আমি স্বামীর বাড়িতে থাকি না।

তিনি আরো জানান, আমাদের ১২ বছর পূর্বে বিয়ে হয়েছে। তালাকের তিন মাস পর আবার বিয়ে হয়েছে। গত রাত ১১টার দিকে আমার মায়ের বাড়িতে আমার স্বামী খাওয়া-দাওয়া করে সকালে ডেকে দেয়ার কথা বলে তার বাড়ি হতে চলে যায়। সকালে স্বামীকে ডেকে কোনো সাড়া না পেয়ে প্রাচির টপকিয়ে বাড়িতে প্রবেশ করে শয়নকক্ষে স্বামী লাশ দেখতে পেয়ে চিৎকার দেই।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ জানান, খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) তানভীর আহমেদসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রুবেলকে হত্যা করে লাশ শয়নকক্ষে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তবে লাশের বাম হাতে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতর স্ত্রী সিমা বেগমকে আটক করা হয়েছে।