খুলনার কয়রা উপজেলার হড্ডা ও বানিয়াখালী গ্রামে একই রাতে বাঘের পায়ের অসংখ্য ছাপ দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বৃহস্পতিবার ভোরের দিকে উপজেলার কয়রা নদী পার হয়ে বাঘ দুটি হড্ডা ও বানিয়াখালী গ্রামে ঢুকেছিল বলে জানিয়েছে বন বিভাগ।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে হড্ডা গ্রামে অবস্থিত সুন্দরবনের বানিয়াখালী ফরেস্ট স্টেশন থেকে ২০০ মিটার দূরে বেড়িবাঁধের রাস্তার ওপর প্রথমে বড় একটি বাঘের পায়ের ছাপ দেখতে পান গ্রামবাসী।

পরে তার একটু দূরে হড্ডা গ্রামের ফুলতলা খালের অপর লোকালয়ে আরো একটি বাঘের পায়ের ছাপ দেখতে পান গ্রামের লোকজন। এরপর থেকে বন-সংলগ্ন আশপাশের এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এর পরিপ্রেক্ষিতে বন বিভাগ, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি), কমিউনিটি প্যাট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্যসহ গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে ওই এলাকায় তল্লাশি করেন। বাঘটি লোকালয়ে এলেও পরে আবার সুন্দরবনে ফিরে গেছে বলে পায়ের ছাপ দেখে তারা ধারণা করছেন। স্থানীয় মানুষদের সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে বন বিভাগ।

বন-সংলগ্ন মহেশ্বরীপুর ইউনিয়নের হড্ডা গ্রামের ইউপি সদস্য মহোশীস কুমার সরদার জানান, বর্তমানে শুষ্ক মৌসুমে ভাটার সময় নদীতে পানি একেবারেই কমে যায়। ভোরের দিকে সুন্দরবন থেকে প্রায় শুকিয়ে যাওয়া কয়রা নদী পার হয়ে দুটি বাঘ হড্ডা গ্রামে ঢুকে পড়ে। বাঘ দুটি নদীর পাড়সহ বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছে। সকালে গ্রামবাসী ওই সব স্থানে বাঘের পায়ের তাজা ছাপ দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। তবে নদীর পাড়ে বাঘের সর্বশেষ পায়ের ছাপ দেখে ধারণা করা হচ্ছে, বাঘ দুটি বনে ফিরে গেছে। তারপরও বাঘের ভয়ে গ্রামের মানুষ আতঙ্কিত।

সুন্দরবনের বানিয়াখালী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা মো: মনিরুল ইসলাম বলেন, আজ সকালে লোকালয়ে বাঘ আসার খবর দেন স্থানীয় ব্যক্তিরা। ঘটনাস্থলে গিয়ে দুটি বাঘের অসংখ্য পায়ের তাজা ছাপ দেখতে পেয়েছি। আশপাশে তল্লাশিও করা হয়েছে। বেশ কিছু জায়গায় বাঘ দুটি বিচরণ করেছে। ধারণা করা হচ্ছে, বাঘ দুটি সুন্দরবনে ফিরে গেছে। তবে আবার বাঘ যাতে লোকালয়ে ফিরে কোনো মানুষের ক্ষতি না করতে পারে, সে জন্য এলাকাবাসীকে সতর্ক থাকতে পরামর্শ দেয়া হয়েছে। বনরক্ষীদের লোকালয়-সংলগ্ন নদীতে টহলে জোরদার করা হয়েছে। এর দুই দিন আগে কাশিয়াবাদ স্টেশনের অধিনস্থ শত্যপির খালে একটি বাঘ দেখতে পায় ৪ নম্বর কয়রার জেলেরা।

খুলনা অঞ্চলের বন-সংরক্ষক মিহির কুমার দে বলেন, শীত মৌসুমে সুন্দরবন-সংলগ্ন কয়রা উপজেলার নদীতে পানি কমে গেছে। পানি কমে যাওয়ার কারণে বনের বাঘ নদী পার হয়ে লোকালয়ে চলে আসে। বনকর্মীরা খবর পেয়ে ওই এলাকায় গিয়ে দুটি বাঘের ছাপ দেখতে পেয়েছে।