জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নে আক্রাম হোসেন (৩০) নামে ব্যাটারিচালিত অটোরিকশাচালক যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ইউনিয়নের কলতাপাড়া এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

আক্রাম হোসেন জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের গোপালপুর এলাকার গোলাপ হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, আক্রাম হোসেন বুধবার দুপুরে নিজ বসতবাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয়। পরবর্তীতে কুটামনি থেকে ভাড়া নিয়ে ভাটারার দিকে রওনা হয়। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। অজ্ঞাত দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে কেচি দিয়ে আঘাত করে তাকে (আক্রাম হোসেন) হত্যা করার পর ওই ডোবাতে ফেলে দিয়েছিল।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, তদন্ত শেষে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে।